Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / ‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার - Chief TV

‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার - Chief TV

2026-04-15  খেলাধুলা ডেস্ক  46 views
‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার - Chief TV

কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে গোল করেও বিতর্কে জড়ালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে দলের একমাত্র গোলটি করেন নেইমার।

ইনজুরি কাটিয়ে ফেরার পর এটি নেইমারের প্রথম গোল। দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায়ও দীর্ঘ ১৪ বছর পর জালের দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০১২ সালে কোপা লিবার্তাদোরেস সেমিফাইনালে গোল করেছিলেন এই ফরোয়ার্ড। তবে তার গোল জয়ের জন্য যথেষ্ট হয়নি। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে আসা প্যারাগুয়ান দল সমতা ফেরালে ‘ই’ গ্রুপের তলানিতে নেমে যায় সান্তোস।

ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারের আগে তিনি বিদ্রূপ করা দর্শকদের ‘চুপ’ থাকার ইঙ্গিত দেন।

সাক্ষাৎকারে দলের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, আমরা অনেক ভুল করেছি। এটা স্বাভাবিক। তবে আমরা সুযোগ তৈরি করেছি এবং খারাপ খেলিনি। ভক্তদের হতাশা আমি বুঝি, কিন্তু ফুটবল এমনই কখনও বল জালে যায় না। 

এরপর টানেলের দিকে যাওয়ার সময় এক ভক্ত তাকে ‘মোটা’ বলে কটাক্ষ করেন এবং আরও বেশি ট্রেনিং করার পরামর্শ দেন। প্রথমে হেঁটে গেলেও পরে ফিরে এসে নেইমার জবাব দেন, এখন খুশি? আমি আমার সর্বস্ব দিচ্ছি। তোমাকে তোমার খ্যাতির সময় দিলাম।

উল্লেখ্য, ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি। সামনে বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই ব্রাজিলিয়ান তারকা।
 


Share: