Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা - Chief TV

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  132 views
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশি ও বিদেশি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসব অপতথ্য মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় এ বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা তৈরি হয়েছে, যা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকেও ছড়ানো হচ্ছে।

অধ্যাপক ইউনূস জানান, মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানভিত্তিক তথ্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে— এ নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি স্বীকার করেন, ভুয়া তথ্যের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘ ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে বলে জানান তুর্ক।

টেলিফোনালাপে আরও আলোচনা হয় আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম-সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

ভলকার তুর্ক গুম-সংক্রান্ত ঘটনার অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কার্যকর ও বাস্তব অর্থে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর জোর দেন।

এর জবাবে অধ্যাপক ইউনূস জানান, জাতীয় মানবাধিকার কমিশন গঠনের অধ্যাদেশ ইতোমধ্যে জারি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে। তিনি বলেন, দায়িত্ব শেষ করার আগেই এই কাজ সম্পন্ন করা হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, গুম-সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তিনি ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনামলে সংঘটিত গুমের ঘটনায় ভুক্তভোগীদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এ সময় ভলকার তুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, তার দপ্তর গুম-সংক্রান্ত কমিশনের কাজে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।


Share: