নওগাঁর মহাদেবপুর উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ঘাতক ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে বালু নিতে যাচ্ছিল। পথে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
নিহত পাঁচজনই উপজেলার ৬ নম্বর এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে—
বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও (৪৫)।
অপর তিনজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে তারাও একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই অথবা আনার কিছুক্ষণের মধ্যেই তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।