Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ - Chief TV

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  26 views
পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ - Chief TV
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ঘর, টিউবওয়েল এবং চাউলের কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা নামের এক বিএনপি নেতাকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
 
গণপিটুনির শিকার সোহেল রানা স্থানীয় পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে। পরবর্তীতে উত্তেজিত জনতা তাঁকে আটকে রেখে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ঘর, নলকূপ (টিউবওয়েল), ভিজিডি কার্ড এবং টিসিবি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কাউকে কোনো কার্ড বা ঘর দিতে পারেননি তিনি।
 
টাকা ফেরত চাইলে উল্টো ভুক্তভোগীদের নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হতো। ফলে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার রাতে ভুক্তভোগী ও স্থানীয় জনতা বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে হাতেনাতে ধরে মারধর শুরু করে।


ভুক্তভোগীদের বক্তব্য ও স্বজনদের দাবি ভুক্তভোগী সবুজ জানান, প্রায় এক বছর আগে টিসিবি (TCB) কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৬ হাজার টাকা নেন সোহেল রানা। কিন্তু এক বছর পার হলেও আজ পর্যন্ত কোনো কার্ড মেলেনি।

ভুক্তভোগী তায়জাল নামের আরেকজন অভিযোগ করে বলেন, "সরকারি একটি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন সোহেল। অথচ ঘরের কোনো খোঁজ নেই। এখন টাকা ফেরত চাইলে তিনি উল্টো হুমকি দেন।

এদিকে এই ঘটনার পর অভিযুক্ত সোহেল রানার স্ত্রী শিখা খাতুন পাল্টা প্রশ্ন তুলে বলেন, "সোহেল রানা কেন বা কিসের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, এই প্রশ্ন তো তাদেরও করা উচিত। তারা কেন টাকা দিতে গেলেন?

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী সশরীরে হাজির হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: