পাবনার আটঘরিয়া উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক কায়ুম হোসেন (২২) নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে টেবুনিয়া–চাটমোহর সড়কের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কায়ুম চাটমোহর উপজেলার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি পাবনার দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।
আটঘরিয়া থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।