কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় পানির বোতল ভেবে ভুলবশত এসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওসমান গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন ওসমান। তৃষ্ণা লাগায় পাশে থাকা একটি বোতল থেকে তিনি পানি মনে করে পান করেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে পরিবারের সদস্যরা বোতলটি পরীক্ষা করে দেখতে পান, সেটিতে পানি নয় বরং মারাত্মক ক্ষতিকর এসিড ছিল।
পরিবারের লোকজন দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ভুলবশত পানির বোতল ভেবে সালফিউরিক এসিড পান করেছিলেন।
তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।