বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। টঙ্গী মডেল শাখার উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার ভোরে ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে মাদরাসার মাঠে জড়ো হতে শুরু করেন। পরে সকাল ৬টায় মাদরাসার প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে গাজীপুরা, তারগাছ, বোর্ডবাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়।
র্যালিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে সংঘাত থেকে শুরু করে হত্যার ঘটনাও ঘটছে। তিনি বলেন, সরকার যদি মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে সচেতন ছাত্রসমাজকে রাজপথে নামতে বাধ্য হবে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি মাদক নিয়ন্ত্রণে সরবরাহ চক্র ও মূল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্ত পর্যায়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই স্পষ্ট এবং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।