দিনাজপুরের বীরগঞ্জে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহারোল থানার মালগ্রামের বাসিন্দা ফাহিমা আক্তার (২৮) ও তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। দুর্ঘটনায় আহত হয়েছেন ফাহিমার স্বামী মো. নাজমুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।