বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং এ নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন ওই তরুণ।
ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবারের ভাষ্য, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন কটাক্ষের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রিয় দলের প্রতি তার গভীর সমর্থন থাকায় বিষয়টি তিনি সহজভাবে নিতে পারেননি বলে দাবি স্বজনদের।
নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি নাড়া দিয়েছে অপূর্বকে। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খেলাকে শুধুমাত্র বিনোদনের মধ্যে রাখার আহ্বান জানান।
অপূর্ব বলেন, একটি দলের জয়-পরাজয়কে জীবনের চেয়ে বড় করে দেখা উচিত নয়। প্রিয় দল হারলে কষ্ট লাগতেই পারে, তবে দিনশেষে এটি শুধুই একটি খেলা।
তিনি আরও বলেন, খেলা ঘিরে ট্রল বা প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও তা যেন অপমান বা মানসিক আঘাতের কারণ না হয়। কারও কাছে কোনো মন্তব্য মজা মনে হলেও অন্য কারও জন্য সেটি গভীর কষ্টের কারণ হতে পারে।
জীবনের গুরুত্ব তুলে ধরে অপূর্ব বলেন, একটি দল আজ হারলে ভবিষ্যতে আবার জিততে পারে, কিন্তু একটি জীবন হারিয়ে গেলে তা আর ফিরে আসে না।