পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরে রিলস ভিডিও তৈরি করে দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আইফোন উপহার পেয়েছেন। পঞ্চগড় পাইয়োনিয়ার্স আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার অর্ধশতাধিক কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় শহরের নিচু তলা অক্টাস রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
রাস্তাঘাট ও স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উজ্জ্বল রায়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি আইফোন সেভেনটিন।
শিক্ষা খাতের সমস্যা ও করণীয় বিষয় উপস্থাপন করে দ্বিতীয় স্থান অর্জন করেন মুস্তাক আহমেদ। তিনি পেয়েছেন একটি আইফোন সিক্সটিন প্রো।
গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেরা ২০ জন কন্টেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পাইয়োনিয়ার্সের কর্ণধার, লেখক ও রাজনৈতিক গবেষক ব্যারিস্টার নওফেল জমির। এ সময় পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।