Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন আরও মন দিয়ে পড়া উচিত ছিল - Chief TV

পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন আরও মন দিয়ে পড়া উচিত ছিল - Chief TV

2026-05-12  ডেস্ক রিপোর্ট  42 views
পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন আরও মন দিয়ে পড়া উচিত ছিল - Chief TV

ভারতের শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র দিব্যেন্দু প্রামাণিক সম্প্রতি আইসিএসই বোর্ড পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। তবে ছেলের এই অসাধারণ ফলাফলের পরও তার মায়ের এক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দিব্যেন্দুর মা ও স্কুলশিক্ষিকা বাণী প্রামাণিক শর্মা একটি ভাইরাল ভিডিওতে বলেন, আমার মন খারাপ… ও যদি আরও এক নম্বর পেত, তাহলে ভালো হতো। যদি ও আরেকটু মন দিয়ে পড়াশোনা করত, তাহলে হয়তো ওই এক নম্বর না পাওয়ার জন্য আমাদের এতটা দুঃখ হতো না।

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে একজন মায়ের প্রত্যাশা হিসেবে দেখলেও, অনেকে এটিকে অতিরিক্ত চাপ সৃষ্টির উদাহরণ হিসেবে সমালোচনা করেছেন।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যঘরে একজন ব্যবহারকারী লেখেন, এমন বাবা-মা যেন আমার জীবনে কখনো না আসে। আরেকজন মন্তব্য করেন, এ কারণেই আমার ছেলে বৃদ্ধ বয়সে আমার সঙ্গে কথা বলে না।

তবে বিতর্কের মাঝেও দিব্যেন্দু নিজে শান্ত প্রতিক্রিয়া জানিয়েছে। ভিডিওতে সে বলে,ওই এক নম্বর হারানোয় আমার খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। আমি ভালোই করেছি।

দিব্যেন্দু আরও জানায়, ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায় এবং ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-এর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছে।

ঘটনাটি আবারও অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মানসিক চাপ এবং পরীক্ষাভিত্তিক প্রতিযোগিতা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


Share: