রমজানে পণ্যের দাম গত বছরের তুলনায় কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, “আমরা বর্তমান বাজারের স্থিতি পর্যালোচনা করেছি। উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করেছি। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজার আরও বেশি স্থিতিশীল থাকবে।”
উপদেষ্টা আরও বলেন, “উৎপাদন ও আমদানির যে তথ্য আমরা দেখেছি, তা বিশ্লেষণ করে দেখা গেছে গড় আমদানির পরিমাণ ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে বাজারমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী। আশা করছি বাজার স্থিতিশীল থাকবে।”
তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। পাশাপাশি ভোক্তা অধিদপ্তর যেসব পদক্ষেপ নেয়, রমজানে তা আরও গতিশীল ও জোরদার করা হয়। এ বছরও তাই করা হবে।”