গাইবান্ধা সদরের ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র ফাহমিদ রুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর ১২টায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে “সচেতন এলাকাবাসী, গাইবান্ধা জেলা”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বজন অ্যাডভোকেট শামসুজ্জোহা শামীম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি মোস্তফা মনিরুজ্জামান, সাহিত্যিক ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, অ্যাডভোকেট নীলুফা ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের কলেজ সভাপতি কলি রানী বর্মন, ফরহাদসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র ফাহমিদ রুমন নিহত হন এবং তার বড় ভাই রুহিত গুরুতর আহত হন। তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আকিব ও তার পিতা ছানা মিয়াকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গাইবান্ধাসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা অবিলম্বে রুমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আসামি গ্রেফতারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।