Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সাদুল্লাপুরে এনসিপির সভায় আহ্বায়কের ‘জয় বাংলা’ স্লোগান-chief tv

সাদুল্লাপুরে এনসিপির সভায় আহ্বায়কের ‘জয় বাংলা’ স্লোগান-chief tv

2026-07-17  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  38 views
সাদুল্লাপুরে এনসিপির সভায় আহ্বায়কের ‘জয় বাংলা’ স্লোগান-chief tv
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমাপনী বক্তব্যে শফিজল ইসলাম বলেন, তিনি আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “খোদা হাফেজ, জয় বাংলা।” এরপরই নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে “সরি, সরি” বলে মঞ্চ থেকে নেমে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে পুরো ঘটনাটি দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এনসিপির নেতারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুরে এ পথসভায় অংশ নেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শফিজল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, “শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে বলেই তাকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। তিনি বড় জনসমাবেশে বক্তব্য দেওয়ার অভিজ্ঞ নন। তাই অনিচ্ছাকৃতভাবে ভুল করে ‘জয় বাংলা’ বলে ফেলেছেন। পরে সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে ‘সরি’ বলেছেন।”

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share: