সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিনকে প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা হৃদয় গাজির বিরুদ্ধে। এ ঘটনায়বিক্ষোভ সমাবেশ শেষে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার আল্টিমেটাম দিয়ে ভিসির নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ পালন করে। এর আগে, সোমবার শিক্ষিকাকে গালিগালাজ ও হুমকি দেয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজি। তিনি একাডেমিক ভবন-৩ এ সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসে যাওয়ার পথে সাধারণশিক্ষার্থীদের সামনে বিভাগের সিনিয়র লেকচারার ফারহানা ইয়াসমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় ঐ শিক্ষিকাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
এ ঘটনার প্রতিবাদ করে অভিযুক্ত হৃদয় গাজির শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে হৃদয় গাজিকে শাস্তিরআওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে, তবে ভুক্তভোগী শিক্ষিকা কোন অভিযোগ জমা দেননি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।