পবিত্র শবেবরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে (১৪ শাবান ১৪৪৭ হিজরি) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এই সময়ের মধ্যে ঢাকা মহানগরের কোথাও আতশবাজি বা পটকা ফাটানো, ফানুস কিংবা গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, শবেবরাতের পবিত্র রাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন—সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।