শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
আজ (বুধবার) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন।
তিনি বলেন, “আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পরই আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।”
কাজী মোখলেছুর রহমান আরও বলেন, “আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।”
এ ঘটনার প্রতিবাদে তিনি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
চেয়ারম্যানের দাবি, “শিক্ষকদের সঙ্গে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”
শিক্ষকরা আরও দাবি জানিয়েছেন—
চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
অনুদানহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং
ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।