ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছিল দুই দল। প্রায় ৩৬ বছর পর চলমান বিশ্বকাপে আবারও সেই মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তাদের। এরপর দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে শুরুটা প্রত্যাশামাফিক না হলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যাবে সেলেসাওরা। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।
টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তী বাধা পেরোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে। এতে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি উপভোগ করার সুযোগ পেতে পারেন ফুটবল ভক্তরা।
বিশ্বকাপের মূল পর্বে সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ অ্যাসিস্ট থেকে ক্লদিও ক্যানিজিয়ার করা একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
তাই এবার সেমিফাইনালে দুই দলের দেখা হলে ১৯৯০ সালের সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ব্রাজিল। অন্যদিকে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে মরিয়া থাকবে আর্জেন্টিনা।