নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খান পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাতে একটি ফোনকল পাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইব্রাহিমকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে রেখে যায়। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।