Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ - Chief TV

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  152 views
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ - Chief TV

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির শাসনব্যবস্থায় শূন্যতা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ডেলসি রদ্রিগেজকে সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকার পরিচালনা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক কাঠামো বজায় রাখতে কোন কোন আইন কার্যকর থাকবে, সে বিষয়েও আদালত পরবর্তী সময়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে বলে জানিয়েছে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো। আদালতের নির্দেশনা অনুযায়ী, ডেলসি রদ্রিগেজ এখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব পালন করবেন।

এর আগে নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে কাজ করবে তার সরকার। তার ভাষ্য অনুযায়ী, দেশটিতে একটি নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থাই কার্যকর থাকবে।

ভেনেজুয়েলার অভ্যন্তরে অন্তর্বর্তী নেতৃত্বে কারা থাকবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তার ভাই জর্জ রদ্রিগেজ ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘ সময় ধরেই মাদুরো সরকারের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

তবে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলায় যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাতে নিজের অবস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


Share: