ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোর একটি হলো সদকাতুল ফিতর। রমজান শেষে ঈদের আগে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর এটি আদায় করা ওয়াজিব। এর উদ্দেশ্য হলো রোজার সময়ে অনিচ্ছাকৃত ভুলত্রুটি পরিশুদ্ধ করা এবং দরিদ্র মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করা।
পবিত্র আল-কোরআন-এ বলা হয়েছে, ‘নিশ্চয়ই সে সফল, যে পবিত্রতা অর্জন করে’ (সুরা আলা: ১৪)। হাদিস অনুযায়ী, ফিতরার মাধ্যমে রোজার ঘাটতি পূরণ হয় এবং অভাবীদের খাদ্যের ব্যবস্থা করা হয়।
ঈদের দিন সুবহে সাদিকের সময় যাদের নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাদের ওপর ফিতরা ওয়াজিব। পরিবারের সদস্যদের পক্ষ থেকেও অভিভাবককে তা আদায় করতে হয়।
ফিতরার নির্ধারিত পরিমাণ এক ‘সা’ (প্রায় ৩ কেজি ২৭০ গ্রাম) খাদ্যদ্রব্য বা গমের ক্ষেত্রে ‘নিসফে সা’ (প্রায় ১ কেজি ৬৩৫–১৬৫০ গ্রাম) হিসেবে গণ্য করা হয়। সামর্থ্য অনুযায়ী উন্নতমানের খাদ্যের মূল্য দিয়ে আদায় করাই উত্তম।
ফিতরা আদায়ের সর্বোত্তম সময় ঈদের নামাজের আগে। তবে প্রয়োজনে ঈদের দিন বা পরবর্তী সময়েও তা আদায় করা যায়।