Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড- Chief TV

গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড- Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  140 views
গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড- Chief TV

চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড়ের ব্রিজ-সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর-এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো—সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান এবং সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান। সবগুলো দোকানই টিনের তৈরি ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম বলেন, “আমার দোকানের দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।”
অন্যদিকে মোবাইল সার্ভিসিংয়ের দোকানদার তানমুল ইসলাম জানান, “আগুনে আমার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই অবশিষ্ট নেই।”

স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজিচালক সেকান্দর গাজী জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় হোটেলে অনেক লোকজন থাকলেও আগুন দেখে সবাই দ্রুত বেরিয়ে যায়। এরপর আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং আনুমানিক ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, “সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে সোয়া ৮টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সোয়া ৯টার দিকে সম্পূর্ণ নির্বাপন সম্ভব হয়।”

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।


Share: