Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, ওমর হাদি - Chief TV

হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, ওমর হাদি - Chief TV

2025-12-21  ডেস্ক রিপোর্ট  132 views
হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, ওমর হাদি - Chief TV

শহিদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেছেন, ‘আমাদের পরিবার অর্থ বা কোনো অনুদান চায় না। আমরা ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য শহিদ হয়েছেন, তার সেই অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই। ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত শান্ত হওয়া যাবে না। আন্দোলন অব্যাহত রাখতে হবে।’

রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন ওমর হাদি। এই দোয়া মাহফিলে মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দোয়া মাহফিলে অংশ নিয়েছে ওমর হাদি বলেন, ‘কান্না করতে রাজপথে নামি নাই। আমি শহিদের ভাই হতে চাই নাই। আমি বিপ্লবী ওসমান হাদির পাশে থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছি।’

তিনি বলেন, ‘আপনারা যদি রাজি থাকেন আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।’ এ সময় নেতাকর্মীরা সমস্বরে ওয়াদা করেন।

ওমর হাদি বলেন, ‘ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন– “শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদ রুখে দেব। এই শাহবাগে বসেই আমি নারায়ে তাকবির স্লোগান দেব”।’

তিনি বলেন, ‘আপনারা যদি হাদিকে ভালোবাসেন, হাদি হত্যার বিচার চান, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে অবশ্যই আন্দোলন অব্যাহত রাখবেন।’

ওমর হাদি বলেন, ‘প্রিয় বিপ্লবী জনতা। আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই। আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়, একই রিকশায় বাম পাশে বসা ছিলাম। শহিদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশ নেয়, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। দিনের পর দিন, রাতের পর রাত বাসায় ফিরতে পারেনি। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বলা হতো—পরিবার ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল– “আমাকে আমার আল্লাহই রক্ষা করবে। আমি যদি চলে যাই, দেশের ১৮ কোটি জনতা আমার পরিবারে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা কেউ দিতে পারবে না। যদি আমি রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি হবেন শহীদের ভাই। মাকে বলেছিল, মা আমি যদি চলে যাই, আপনি হবেন শহীদের মা”।’

তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম বিপ্লবী ওসমান হাদির পাশে থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। ইনসাফের বাংলাদেশ যতদিন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। ওসমান চলে গেছে। আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবার জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়ে; পরে আরেক শুক্রবার রাতে ইন্তেকাল করেছে।’

ওমর হাদি বলেন, ‘আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা আমরা ঘটনার আকস্মিকতায় দুমড়ে-মুছড়ে গেছি। এখনো স্বাভাবিক হতে পারি নাই। জানি না আমরা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারব কি না? আমাদের শহীদ পরিবার ও ইনকিলাব মঞ্চ ওসমানের লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র-জনতা সবার কাছে আমার একটাই দাবি- ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তার সেই অসমাপ্ত বিপ্লব আপনারা সমাপ্ত করবেন।’


Share:

Single Page