ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে লক্ষ্য করা গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান দীর্ঘদিনের সংঘাত অবসান এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার একটি বৃহত্তর কূটনৈতিক সমঝোতা হতে পারে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা শিথিল হওয়ার এই ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য প্রায় ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। একই সাথে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৩২ ডলারে এসে দাঁড়িয়েছে।
তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর তেলের বাজারের বড় বড় ট্রেডার ও বিনিয়োগকারীরা এখনো গভীর নজর রাখছেন এবং কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে দাম কমার এই সার্বিক প্রবণতা একটি নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে ছিল। মূলত হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ রুট সচল হওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি স্থায়ী শান্তি চুক্তির আশাবাদ তৈরি হওয়াতে বিশ্ব বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা কমতে শুরু করেছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের প্রধান কারণ হিসেবে কাজ করছে।