জয়পুরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সহযোগিতায় অনুপ্রবেশের দুটি পৃথক প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি ও অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৫ জুন) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকদিন আগে বিএসএফের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে কিছু ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তাব দেওয়া হলেও বিজিবি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রাতের আঁধারে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।
এদিকে বৃহস্পতিবার রাতেও সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় সন্দেহজনক চলাচল লক্ষ্য করা যায়। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সারারাত টহল কার্যক্রম পরিচালনা করেন। ফলে সম্ভাব্য অনুপ্রবেশের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের পাশাপাশি অনুপ্রবেশের চেষ্টাও গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে বিজিবি শুরু থেকেই কঠোর অবস্থান বজায় রেখেছে।
তিনি আরও জানান, জয়পুরহাটের হিলি ও কয়া সংলগ্ন কাঁটাতারবিহীন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী বিভিন্ন তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন। এছাড়া আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে গণমাধ্যম, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।