নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে জ্বালানি তেলের দামে। সরকার জানুয়ারি ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দরে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি শুরু হয়েছে।
বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসে তুলনামূলক কম দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের লিটারপ্রতি দাম ১১৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১৪ টাকা। একইভাবে অকটেনের দাম লিটারপ্রতি ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই মূল্য সমন্বয়ের ফলে জানুয়ারি মাসে ভোক্তারা জ্বালানি তেল কিনতে আগের তুলনায় কিছুটা সাশ্রয় পাবেন বলে আশা করা হচ্ছে।