Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর- Chief TV

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর- Chief TV

2025-10-30  ডেস্ক রিপোর্ট  210 views
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর- Chief TV

চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধা’ নামের একদল দর্শকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।

বুধবার (২৯ অক্টোবর) নগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) এবং নুরুল হুদা (২৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার কয়েকজন নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে জানান, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল, তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করছিলেন। তারা এতে আপত্তি জানালে অপর পক্ষ প্লাকার্ড নামিয়ে ফেলার আশ্বাস দেয়।

কিছুক্ষণ পর আবারও প্লাকার্ড প্রদর্শন শুরু হলে ‘জুলাইযোদ্ধারা’ বাধা দিতে যান। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এতে কয়েকজন আহত হন।

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ বা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


Share: