Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / স্বাস্থ্য / ক্যান্সার আক্রান্ত নাছিমার মানবিক সহায়তার আবেদন - Chief TV

ক্যান্সার আক্রান্ত নাছিমার মানবিক সহায়তার আবেদন - Chief TV

2026-01-22  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  503 views
ক্যান্সার আক্রান্ত নাছিমার মানবিক সহায়তার আবেদন - Chief TV

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র বিধবা নাছিমা বেগম (৪৩)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী।

বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শাহ আলম সরকার, ঢাকার ইবনে সিনা হাসপাতাল এবং ডেলটা হাসপাতাল লিমিটেডে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ডেলটা হাসপাতাল লিমিটেডের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তানজিরা আক্তার নিতুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা নাছিমার পরিবারের পক্ষে জোগাড় করা মোটেও সম্ভব নয়।

এ অবস্থায় মাকে বাঁচাতে দেশবাসীর বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন নাছিমার ছেলে মো. বাদল মিয়া। তিনি বলেন, “আমার বাবা-মায়ের কোনো সহায়-সম্পদ নেই। বর্তমানে চরম আর্থিক সংকটের কারণে আমার মায়ের কেমোথেরাপি শুরু করতে পারিনি। তাই দেশবাসীর কাছে মায়ের চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে।”

তিনি আরও বলেন, “আমার পিতা প্রায় দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। পিতার মৃত্যুর শোকে আমরা এখনো কাতর। ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্য আমরা কত কিছুই না করতে পারি। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাই। আমার মা সুস্থ হয়ে উঠলে একটি পরিবার বেঁচে যাবে।”

এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় নাছিমা বেগমের চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অথচ তাকে পুরোপুরি সুস্থ করতে এখনো ৮–১০ লক্ষ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়।

ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সহায়তা পাঠানোর ঠিকানা

নাছিমা বেগম
মোবাইল: ০১৩০৭-৬৫৭৪৯৭, ০১৭১৮-১১৫০৫২ (বিকাশ)
সঞ্চয়ী হিসাব নম্বর: ০১৭৯১১১০০০০০২৬১
উত্তরা ব্যাংক লিমিটেড
কটিয়াদী শাখা, কিশোরগঞ্জ

নাছিমার ছেলে মো. বাদল মিয়া সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে তার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।


Share: