স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তার মতে, মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং অন্যায়-অনিয়মের সমালোচনা করাই গণমাধ্যমের দায়িত্ব। তিনি আরও বলেন, সাদা-কালো আলাদা করে দেখার সাহসই সাংবাদিকতার মূল শক্তি।
তিনি আরও উল্লেখ করেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা ও জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানির শিকার হতে হয়, যা উদ্বেগজনক বলেও তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের ওপর।
অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের বিষয়ও উল্লেখ করেন এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ ও সৎ নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তারা পেশাদার সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।