রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মার্কেটের নিচতলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টা ১৮ মিনিটে তারা প্রথম আগুনের সংবাদ পান এবং এর ঠিক ১০ মিনিটের মাথায় অর্থাৎ ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। তবে ঠিক কিসের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নির্বাপণ করার পর এবং তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।