রাজধানীর সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণে বড় ধরনের সফলতা এসেছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, এই প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমানে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি ট্রাফিক আইন মেনে চলছেন।
একটি পাইলট প্রকল্প হিসেবে এটি সফল হওয়ার পর এখন এই মডেলটিকে আরও বিস্তৃত পরিসরে অনুসরণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে ডিএনসিসি প্রশাসক এসব তথ্য জানান।
সমাবেশে পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন নিজের দায়িত্ব পালন করছে এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদেরও এই কার্যক্রমে এগিয়ে আসতে হবে। এটি এক দিনে হয়তো পুরোপুরি সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ সময় তিনি একটি বিশেষ ঘোষণা দিয়ে বলেন, আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত এলাকা হিসেবে কার্যকর থাকবে। বিমানবন্দর এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণের অন্য কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।