ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের জন্য ক্রিকেটারদের ভিত্তিমূল্য প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে সর্বোচ্চ ২ কোটি রুপি ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামের মাধ্যমে আবারও আইপিএলে ফেরার প্রত্যাশায় নাম তুলেছেন সাকিব আল হাসানও-তিনি রয়েছেন ১ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে।
এবারের নিলামের জন্য মোট ১,৩৭৭ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তবে সবাই থাকবেন না চূড়ান্ত তালিকায়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকা শুক্রবারের মধ্যে দিতে বলা হয়েছে। সেই তালিকাই নির্ধারণ করবে নিলামে শেষ পর্যন্ত কারা থাকবেন। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।
গত আসরে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে জায়গা পেয়েছিলেন মোস্তাফিজ। তিন ম্যাচে চার উইকেট নেওয়া এই পেসার আট মৌসুমে পাঁচ দলের হয়ে মোট ৬০ ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে রয়েছে ৬৫ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১৩। ২০১৬ মৌসুমে ১৭ উইকেট নিয়ে এখনও সেরা পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে সাকিব আল হাসান সর্বশেষ আইপিএল খেলেছেন ২০২১ সালে। কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোট ৯ আসরে মাঠে নেমেছেন ৭১ ম্যাচে। ব্যাট হাতে ৭৯৩ রান, স্ট্রাইক রেট ১২৪.৪৮। বল হাতে ৬৩ উইকেট পেয়েছেন ৭.৪৩ ইকোনমিতে। দুইবার আইপিএল শিরোপার স্বাদও পেয়েছেন তিনি।
নিলামের তালিকায় বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতি। গত আসরে ব্যর্থতা ও পরের চোটের কারণে এরই মধ্যে তিনি নিলামে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এবারের নিলামে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি পাবেন, যার মধ্যে বিদেশি থাকবেন মাত্র ৩১ জন। ফলে সাকিব-মোস্তাফিজদের সামনে প্রতিযোগিতা হবে বেশ কঠিন।