Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ার ভজনপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে দুইজন গ্রেপ্তার - Chief TV

তেঁতুলিয়ার ভজনপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে দুইজন গ্রেপ্তার - Chief TV

2026-06-26  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  23 views
তেঁতুলিয়ার ভজনপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে দুইজন গ্রেপ্তার - Chief TV
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি টাপেন্টাডল ট্যাবলেট। বৃহস্পতিবার (২৫ জুন) ভজনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকার শ্রী অজয় কুমার রায় (২৩), পিতা- শ্রী জনি রায় এবং রাজীব রানা (৩২), পিতা- মোঃ জুয়েল রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভজনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন কয়েকজন যুবকের গতিবিধি নজরে আসে স্থানীয়দের। পরে ভজনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তবিবর রহমানের নেতৃত্বে তাদের আটকের চেষ্টা চালানো হয়।

এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে অজয় কুমার রায়ের কাছ থেকে পাঁচটি এবং রাজীব রানার কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

৬ নম্বর ওয়ার্ডের সদস্য তবিবর রহমান বলেন, “বিকাল বেলা বাসার সামনে কয়েকজনের সন্দেহজনক চলাফেরা দেখতে পাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করার চেষ্টা করি। কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন বলেন, “নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকাকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
 
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকাকে মাদকমুক্ত রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন জনগণ একযোগে কাজ করবে।”

স্থানীয় সমাজসেবক হামিদুল হাসান লাবু বলেন, “মাদকের ছোবলে আমাদের যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পরে গ্রেপ্তারকৃত দুইজনকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে থানায় নিয়ে আসে।
 
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Share: