নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ইউনিয়ন পরিষদের আরও আটজন জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন ফুল দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন— মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।
বিএনপির নেতাকর্মীরা জানান, একসঙ্গে বিপুলসংখ্যক জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে জেলাটিকে শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডে নয়, অন্যান্য খাতেও অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। বিএনপিতে যোগদানকারী সবাইকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।