জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশে ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামে ধানক্ষেত থেকে শিশুটির দেহ পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে ইয়ার আলী বাড়ির পাশে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার জন্য বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবার রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আজ দুপুরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহ্মেদ জানান, প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড হিসেবে ধরা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।