যুক্তরাষ্ট্রের আলোচিত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
‘এপস্টেইন ফাইলস’ নামে প্রকাশিত নথির একটি ই-মেইলে দাবি করা হয়, ২০১৭ সালে ইসরায়েল সফরের আগে নাকি নরেন্দ্র মোদি এপস্টেইনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। ওই ই-মেইলে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে মোদি ইসরায়েলে গিয়ে নাচ-গান করেছেন—যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, এপস্টেইনের পুরোনো একটি ই-মেইলের সূত্র ধরে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বিষয়টি প্রকাশ করে। তবে ই-মেইলে থাকা বক্তব্যগুলো এপস্টেইনের নিজস্ব দাবি মাত্র।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর একটি ঐতিহাসিক ঘটনা—এটি সত্য। কিন্তু ই-মেইলে উল্লিখিত অন্যান্য মন্তব্য একজন দণ্ডিত অপরাধীর “ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা” ছাড়া কিছু নয়। তিনি এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন—যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সরকারি ইসরায়েল সফর। ওই সময় ভারত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্দেশে ২০২৫ সালের নভেম্বরে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল নথি প্রকাশ করা হয়। এতে অসংখ্য নথি, ভিডিও ও ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যা নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।