রংপুরে ভেজালবিরোধী অভিযানে একটি অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত এই কারখানায় গোলমরিচের সঙ্গে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছিল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভেজাল মসলা তৈরির প্রমাণ পাওয়ায় শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, এসব ক্ষতিকর উপাদান মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।