প্রার্থীদের সরাসরি প্রচার-প্রচারণা শেষ হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অনলাইনে প্রচার চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি লঙ্ঘিত হবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার পরও যদি কেন্দ্রের চৌহদ্দির ভেতরে ভোটার উপস্থিত থাকেন, তাহলে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের আনুমানিক ৫০ শতাংশ সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
তিনি আরও বলেন, মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। পোস্টাল ভোট হিসেবে গতকাল সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার ব্যালট পৌঁছেছে।
নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবেন ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।