Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে - Chief TV

পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে - Chief TV

2026-01-16  ডেস্ক রিপোর্ট  177 views
পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে - Chief TV

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ)–এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য শুধু অপেক্ষার পালা।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা এ নিয়ে সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত গণভোটে সরকার সাধারণত ‘হ্যাঁ’ অথবা ‘না’—যেকোনো একটির পক্ষে অবস্থান নেয়। যেহেতু বর্তমান সরকার সংস্কারের পক্ষে, তাই তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। তাঁর ভাষায়, গণভোট মূলত সংস্কারের একটি সমন্বিত প্যাকেজ, যার লক্ষ্য দেশে অপশাসন বা স্বৈরাচার যেন আর ফিরে না আসে।

তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবে যে তারা নিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।


Share: