রাজধানীর শাজাহানপুর রেললাইন সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনের ফুটপাত থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল। তিনি জানান, উদ্ধার করা বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি, তাই প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।