কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী ৩০ দিন এই প্রণালি ইরানের একক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আরাগচি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সামগ্রিক অগ্রগতি সম্পর্কে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেছেন।
সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির যাবতীয় নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের ওপর ন্যস্ত থাকবে। সব ধরনের বিদ্যমান বাধা দূর হওয়ার পর এই আন্তর্জাতিক জলপথের পূর্ণ ব্যবহার শুরু করা হবে এবং ইরান বর্তমানে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, এই দায়িত্ব পালন করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিজস্ব এখতিয়ার, এখানে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এবং দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকেও বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।
এই প্রক্রিয়ায় যেকোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় পুরোদমে খোলার প্রক্রিয়াকেও অনাকাঙ্ক্ষিতভাবে বিলম্বিত করবে।