রংপুরে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (বিকাল ৩টা) কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে’র সভাপতি ও দৈনিক দিনকালের রংপুর ব্যুরো প্রধান, বর্ষীয়ান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান মিঠুল,প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু দুঃখজনকই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।