Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন মেসি

রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন মেসি

2026-06-17  ডেস্ক রিপোর্ট  58 views
রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে গোল করে শুধু দলকে এগিয়েই নেননি, নিজের নামও তুলেছেন ইতিহাসের পাতায়।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে মাঠে নেমে ৩৮ বছর বয়সী মেসি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনের শুরুতেই আসে এই অনন্য অর্জন।

ম্যাচে গোল করার মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন মেসি। তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা ফুটবলারদের তালিকায় জায়গা করে নেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসি ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন। শুধুমাত্র ২০১০ বিশ্বকাপে তিনি গোল করতে পারেননি।

এছাড়া আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার বিরল ক্লাবে নাম লেখান তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়া। তাদের পর তৃতীয় ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আর্জেন্টাইন মহাতারকা।
 


Share: