Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / সাইবেরিয়ায় রুশ সামরিক বোমারু বিমান বিধ্বস্ত - Chief TV

সাইবেরিয়ায় রুশ সামরিক বোমারু বিমান বিধ্বস্ত - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  25 views
সাইবেরিয়ায় রুশ সামরিক বোমারু বিমান বিধ্বস্ত - Chief TV

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

রুশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল সোভিয়েত আমলের আধুনিকায়িত টিইউ-২২এম৩ মডেল, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ন্যাটো এই বিমানকে ‘ব্যাকফায়ার’ নামে চিহ্নিত করে থাকে। সিরিয়া ও ইউক্রেনের সামরিক অভিযানে এই ধরনের বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি আঙ্গারা নদীর তীরবর্তী একটি ঘন বনাঞ্চলের দিকে দ্রুত নিচে নেমে গিয়ে বিধ্বস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনার আগেই বিমানের চার ক্রু সদস্য ইজেক্ট করতে সক্ষম হন এবং তাদের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র ছিল না এবং বিধ্বস্ত হওয়ার ফলে আশপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, বিমানটি কামেনকা গ্রামের কাছে বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

তিনি আরও জানান, চার ক্রু সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের কেউই প্রাণঘাতীভাবে আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, টিইউ-২২এম৩ বোমারু বিমানটি মূলত দীর্ঘপাল্লার কৌশলগত হামলার জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এটি বিভিন্ন ধরনের ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।


Share: