জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তে এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারসংলগ্ন মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা দিয়ে এক যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং স্থানীয়রাও সীমান্ত এলাকায় জড়ো হন।
সীমান্তে কড়া নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই যুবক শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তের দুই পাশেই বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জামালপুর সীমান্ত দিয়ে একাধিকবার পুশইনের অভিযোগ উঠেছে। এর আগেও কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন তারা।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।