নড়াইলের লোহাগড়ায় টিকটক ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আদান-প্রদান নিয়ে দাম্পত্য কলহের জেরে সুমনা ফেরদৌসী নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনায় নিহতের স্বামী লিমন মল্লিককে অভিযুক্ত করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমনের স্ত্রী সুমনা নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করতেন এবং বিভিন্ন ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন, যা নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার সকালে এই নিয়ে তর্কের একপর্যায়ে লিমন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। এরপর ঘর থেকে বেরিয়ে গিয়ে বিকেলে ফিরে এসে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে হত্যার আলামত পায় এবং রাতেই লিমনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত লিমন হত্যার কথা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় সুমনার মা বাদী হয়ে লিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।