সাইপ্রাসে নির্মাণকাজ করার সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সৌরভ (৩২) নামে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে সাইপ্রাসের স্থানীয় একটি বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্ত্রী ও এক শিশুসন্তানকে রেখে জীবিকার তাগিদে সাইপ্রাসে পাড়ি জমান সৌরভ। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত সময়েও পরিশ্রম করতেন।
বুধবার দিবাগত রাতে মোবাইল ফোনের মাধ্যমে সৌরভের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। ভোরে খবরটি গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, “সৌরভের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
এদিকে, সৌরভের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সবাই তার রুহের মাগফিরাত কামনা করেছেন।