Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম - Chief TV

শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম - Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  149 views
শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম - Chief TV

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়, কারণ এটি নির্বাচনী প্রতীকের তালিকায় নেই।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুসারে নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক দেওয়া যায়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—তাই আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইন ও বিধি অনুযায়ীই আমরা কাজ করি, তাই ‘এনসিপি’ দলকে তাদের চাওয়া প্রতীক দেওয়া যাচ্ছে না।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যেসব আলোচনা বা খবর মিডিয়াতে এসেছে, সেগুলো নির্বাচনে প্রভাব ফেলবে না। আমরা আশা করছি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো চ্যালেঞ্জ দেখা দেবে না। পাশাপাশি বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবেন না, সেটিও নিশ্চিত করা হবে।

পিআর পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।”


Share: