Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / সীতাকুণ্ডে মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

সীতাকুণ্ডে মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  33 views
সীতাকুণ্ডে মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় একটি মসজিদের কক্ষ থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে জোড়ামতল বাংলাবাজার রাজা মিয়া সওদাগার জামে মসজিদের দোতলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মাওলানা মোহাম্মদ আমির দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি ইমামতিও করতেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

স্থানীয়রা জানান, ধর্মীয় দায়িত্ব পালনে তিনি অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল ছিলেন। তবে ঘটনার দিন মাগরিব ও এশার নামাজে তার অনুপস্থিতি মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে। একইসঙ্গে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে উদ্বেগ আরও বেড়ে যায়।

পরে মুসল্লিরা খোঁজ নিতে গিয়ে মসজিদের দোতলায় তার কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপর বিষয়টি সীতাকুণ্ড মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট, ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু ব্যক্তিগত কাগজপত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


Share: