তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) জন্য ঘোষিত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হবে শিক্ষক-কর্মচারীদের অনশন কর্মসূচি।
বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আগামীকাল আমরা অনশন করবো, প্রয়োজনে আমরণ অনশনেও যাব। আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। যদি দাবি না মানা হয়, তাহলে বেঁচে থাকা নয়— আমাদের লাশই যাবে যমুনার দিকে।”
তিনি আরও জানান, আগামী রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকারের দেওয়া বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব বাস্তবসম্মত নয়। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশি হস্তক্ষেপে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রোববার ও সোমবার রাতভর শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করেন শিক্ষকরা। কেউ ব্যানার মাথার নিচে দিয়ে, কেউ প্লাস্টিকের চট বিছিয়ে রাত কাটান। তাদের অঙ্গীকার, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।